
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবীতে সোমবার (১২ জানুয়ারি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১.৩০ টায় ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে শত শত নাগরিক এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, অন্ধ আঃ রাজ্জাক গাজী এবং এস এম আসাদ উদ্দৌলা।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সপ্তাহে ১–২ দিন মাত্র ১–২ ঘণ্টার জন্য পরিষদে আসেন। ফলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও জানান:
- আসাদ উদ্দৌলা: বাপ-মায়ের মৃত্যু সনদের জন্য ১০ দিন ঘুরতে হয়েছে।
- মোস্তাফিজুর রহমান: ট্রেড লাইসেন্স করতে দেড় মাস লাগেছে।
- আয়েশা খাতুন: জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘদিন ঘুরতে হয়েছে, খরচ হয়েছে ৩,০০০ টাকা।
- তহমিনা রহমান: প্রশাসককে না পেয়ে আমরা সেবা বঞ্চিত হচ্ছি।
- আজগর আলী: ইউনিয়নের মানুষ পরিষদের সকল সেবা থেকে বঞ্চিত।
- অন্ধ আঃ রাজ্জাক: কয়েকদিন পরিষদে এসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয়েছে।
মানববন্ধনে উপস্থিতরা প্রশাসকের দায়িত্ব বাতিল করে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার দাবি জানান, যাতে প্রতিদিন সেবা নিশ্চিত করা যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
