
স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের ১১ জুন পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ নয়, মোট ৪৮ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১০৪।
উদ্বোধনী ম্যাচের ১৮৮ দিন আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। যদিও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনো ছয়টি নাম চূড়ান্ত হয়নি—চারটি ইউরোপিয়ান প্লে-অফ ও দুটি আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে আসবে—তবুও ড্রয়ের মাধ্যমে মোটামুটি পরিষ্কার হয়েছে সবার পথচিত্র।
শিরোপা ধরে রাখার স্বপ্নে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক স্বস্তির গ্রুপ। ব্রাজিলও পড়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মাঝে। তবে সবচেয়ে নজরকাড়া ব্যাপার—গ্রুপ পর্বেই মুখোমুখি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হলান্ড!
চলুন দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা—
২০২৬ বিশ্বকাপের গ্রুপসমূহ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
ফিফা জানিয়েছে, ড্র সম্পন্ন হওয়ার পরদিন অর্থাৎ ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ম্যাচ সূচি।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
