
বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও আগরবাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (২৫ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কলারোয়া উপজেলার হিজলদী আমবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। একই উপজেলার কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে ৮৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার কাউনডাঙ্গা এলাকা থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্যাটাগ্রা ওষুধ উদ্ধার করা হয়।
এ ছাড়া সদর উপজেলার বলদঘাটা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কলারোয়ার ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের শাড়ি, সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকা এবং কলারোয়ার চান্দা এলাকা থেকে আরও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়ার গোবিন্দকাঠি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
বিজিবি জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, চোরাচালান দেশের অর্থনীতি ও স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
