
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গাজীপুর এলাকায় সীমান্তের মেইন পিলার ৫/৭ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
এ ছাড়া মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩ এস–এর ০৯ আরবি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সরিষাক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৯২ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল পিলার ১৩/৩ এস–এর ০৬ আরবি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য ৪ লাখ ৩২ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “দেশের রাজস্ব সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
