
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ এপ্রিল ) সাতক্ষীরা বিজিবির একাধিক সীমান্ত পয়েন্টে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, মাদরা, গাজীপুর ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, থ্রি-পিস, হিরোইন ব্র্যান্ডের মিনি সাবান, নেহা মেহেদী, ইমিটেশন গয়না (নেকলেস, চেইন, বালা) এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।
এর মধ্যে তলুইগাছা বিওপির সদস্যরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ঔষধ জব্দ করেন। কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার এবং মাদরা বিওপি ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে। গাজীপুর ও কালিয়ানী বিওপি যথাক্রমে ৭০ হাজার ও ৩৫ হাজার টাকার ঔষধ জব্দ করে।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপি কলারোয়ার গাড়ালবাড়ির মোড় এলাকা থেকে ৪০ হাজার ৩০০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ৬ লাখ ৭০ হাজার ৩০০ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করাচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
