
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, জেলার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করেন তারা ।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক অভিযানে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।
এ ছাড়া মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।
অন্যদিকে চান্দুরিয়া বিওপির সদস্যরা কাদপুর এলাকা থেকে ২ লাখ ২১ হাজার ২০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেন।
বিজিবির ভাষ্য, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে পাচারের চেষ্টা করছিল। পরে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
