Breaking News

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাঁচা তুলা আমদানি অর্ধেকে নেমেছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কাঁচা তুলা আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।

ভোমরা কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৮১৩ টন কাঁচা তুলা আমদানি হয়েছে, যার বাজারমূল্য ৪৫ কোটি ৯১ লাখ টাকা। অথচ গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৫৫৬ টন, যার মূল্য ছিল ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৭৪৩ টন।

ব্যবসায়ী ও আমদানিকারকদের মতে, দেশের টেক্সটাইল খাতে চাহিদা কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক সংকটের কারণে তুলা আমদানিতে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

ভোমরা বন্দরের তুলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী পরিতোষ কুমার জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় মিলগুলোয় তুলার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমদানিতে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও তুলার দামে পতন লক্ষ্য করা গেছে। ভারতে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তুলার দাম প্রায় ২০ শতাংশ কমেছে। গত বছর প্রতি পাউন্ড তুলা ১১৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে প্রায় ৯৫ টাকায়।

সংশ্লিষ্টরা জানান, গত এক থেকে দেড় বছর ধরে দেশের পোশাক ও সুতা উৎপাদনকারী খাত নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় কাঁচামাল হিসেবে তুলার চাহিদা কমে গেছে, যার প্রভাব পড়েছে আমদানির ওপর।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com