
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় সীমান্ত অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে বিজিবি। গত ২৪ অক্টোবর ২০২৫ হতে ৩০ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরার ভোমরা, বৈকারী, গাজিপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা ও হিজলদী এলাকার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিজিবিএমএস, কোম্পানী এবং বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় ও জনসচেতনতামূলক সভায় সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিজিবিএমএস মানব পাচারের ভয়াবহতা, কারণ ও প্রতিরোধের কৌশল সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সংকট, যা বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে প্রকট। ভারতের নিকটবর্তী হওয়ায় পাচারের প্রবণতা এখানে বেশি; পাশাপাশি দারিদ্র্যতা, সচেতনতার অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা সংকটে পতিত মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হয়। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তিনি আরও বলেন, মানব পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। সভায় মানব পাচারে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। এছাড়া সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণকে মানবপাচারকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান করা হলে উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ঈমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারনসহ আনুমানিক ৬০০-৭০০ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
