
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাটালিয়নের অধীন ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা ও সুলতানপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানায়, ভোমরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৪/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার শ্মশান মাঠ এলাকা থেকে আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় দুটি বোতল মদ ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া থানার গেড়াখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করেন।
তলুইগাছা বিওপির অভিযানে সীমান্ত মেইন পিলার ১৩ থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
অন্যদিকে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৬/৬-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বর্মিতলা এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও চশমা আটক করেন।
সব মিলিয়ে ৪ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধ, দেশীয় শিল্প সুরক্ষা এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
