Breaking News

ভারতে নতুন খ্রিস্টান ভূমি, নাম হবে ট্রাম্প ল্যান্ড!

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে খ্রিস্টানদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্য নিয়ে একটি নিরাপদ খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শীখস ফর জাস্টিস (এসএফজে)। প্রস্তাবিত এই আবাসভূমির নাম ‘ট্রাম্প ল্যান্ড’ রাখার আহ্বান জানানো হয়েছে।

ভারতে বড়দিন উদযাপনের সময় হিন্দু চরমপন্থীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এসএফজে দাবি করেছে, ভারতের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের মুখে পড়ছে, যার ফলে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন।

সংগঠনটি প্রস্তাবিত ‘ট্রাম্প ল্যান্ড’-এর একটি মানচিত্রও প্রকাশ করেছে। এতে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম—এই ছয়টি রাজ্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এসএফজের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণ অধিকারের আওতায় এই অঞ্চল প্রতিষ্ঠা করা যেতে পারে।

একটি ভিডিও বার্তায় এসএফজে নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর বাড়তে থাকা হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োজন।

পান্নুন দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিশ্বনেতা যিনি এই পরিস্থিতিতে কার্যকরভাবে হস্তক্ষেপ করার সাহস, ক্ষমতা ও সামর্থ্য রাখেন। তিনি অভিযোগ করেন, বড়দিনের সময় ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতা, হামলা ও নিপীড়নের ঘটনা ঘটেছে।

এসএফজে নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অধীনে শুধু খ্রিস্টান নয়, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তার দাবি অনুযায়ী, ভারতে বাইবেল প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, গির্জায় অগ্নিসংযোগ করা হচ্ছে, খ্রিস্টান বসতিতে হামলা চালানো হচ্ছে এবং মানুষকে বাস্তুচ্যুত ও আতঙ্কিত করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে এসএফজে। এর মধ্যে উপাসনাকারীদের ওপর সহিংসতা, গির্জা ভাঙচুর এবং বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও রয়েছে।

গুরপতবন্ত সিং পান্নুন আরএসএস প্রধান মোহন ভাগবতের সেই বক্তব্যেরও উল্লেখ করেন, যেখানে ভারতকে একটি ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণার কথা বলা হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শীখস ফর জাস্টিস দীর্ঘদিন ধরে ভারতে একটি পৃথক শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী গণভোট কার্যক্রম পরিচালনা করে আসছে।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com