
রুকুনুজ্জামান বাবুল : ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো—পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও ফুলবাড়ী। এসব কেন্দ্রে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে পার্বতীপুর উপজেলায় তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো—জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬২৫ জন, ভবানীপুর শেরপুর উচ্চ বিদ্যালয়ে ২০৪ জন এবং যশাই উচ্চ বিদ্যালয়ে ৪১৩ জন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক সারোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা পরিচালক আল ইমরান ও উপজেলা সহকারী পরিচালক আল হাসির ইসলাম। এ ছাড়া ভবানীপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা শাহীন আক্তার এবং যশাই কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সম্পাদক ওমর হান্নান।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকছে একটি ল্যাপটপ। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
