
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেছেন, আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করা। দেশের জনগণ যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন এটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। নির্বাচনে কে জিতল, কে হারল তা দেখার বিষয় নয়, আমরা সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে চাই। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরদের তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেনসহ অন্যান্য সাংবাদিক।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এসএ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুজ্জামান সুমনসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা দেশের সবারই জানা। গণতন্ত্রের উত্তরণের পথে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসপি আরেফিন জুয়েল আরও জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা, চুরি-ছিনতাই, অনলাইন জুয়া, সাইবার বুলিং, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমন করা হবে।
তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা পুলিশ হিসেবে সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই।
সভায় সাংবাদিকরা নবাগত এসপিকে অভিনন্দন জানান এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক সমাজ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
