Breaking News

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।

উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি এবং প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন।

সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর জোর দেন। প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখতে নদীর পাশাপাশি এলাকাভিত্তিক জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।

পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা মেনে সরকারি খালগুলো খনন করা হলে এলাকার পানির তীব্র সংকট অনেকটাই দূর হবে।

সভায় জলাবদ্ধতা দূরীকরণে প্রাকৃতিক ও কারিগরি সমাধান হিসেবে ‘টিআরএম’ (Tidal River Management / জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, “সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী নিরসন কেবল নদী বা খাল খনন করে সম্ভব নয়, কারণ পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালুর মাধ্যমে নদীর জোয়ারের পলিযুক্ত পানি পরিকল্পিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমানো এবং ভাটার টানে নদী-খালের নাব্য সচল রাখাই একমাত্র প্রাকৃতিক ও টেকসই পথ। অবিলম্বে দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ না করলে প্রতি বছরই বিশাল কৃষি জমি ও লোকালয় পানির নিচে তলিয়ে থাকবে।”

সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন ও সরকারি খাল পুনঃখননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

উচ্চ আদালতের আদেশে নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী

Spread the loveনিজস্ব প্রতিনিধি:উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com