Breaking News

তালায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

Spread the love

জহর হাসান সাগর: তালায় শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে, আর সেই সঙ্গে তালা উপজেলা জুড়ে দেখা যাচ্ছে খেজুর রস সংগ্রহের প্রাণচাঞ্চল্য। শীতের শুরুতে অবহেলায় পড়ে থাকা খেজুরগাছগুলোর আবার কদর বেড়ে গেছে। সাতক্ষীরার তালার গ্রামাঞ্চলে এখন দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। শুরু হয়েছে রস সংগ্রহের আগে খেজুরগাছের পরিচর্যা, গাছ তোলা, পরিষ্কার এবং প্রস্তুতিমূলক নানা কাজ।

তালার বিভিন্ন গ্রাম—হাজরাকাটি, মহান্দী, জেয়ালা আটারই, চরগ্রাম, খলিলনগর, খেশরা এবং আশপাশের এলাকায় চোখে পড়ছে গাছিরা দা হাতে খেজুর গাছে উঠছেন, দড়ি বেঁধে গাছ পরিষ্কার করছেন, গাছের মাথা চাঁছছেন। গ্রামবাংলার এক অনবদ্য শীত-ঐতিহ্যের দৃশ্য যেন আবারও ফিরে এসেছে প্রকৃতির বুকে।

শীতের আগমনী প্রস্তুতির মধ্যে প্রধান কাজ ‘গাছ তোলা’। এই প্রাথমিক পরিচর্যা শেষে প্রায় এক সপ্তাহ পর গাছে চাঁছ দেওয়া, নলি ও গজা লাগানোর কাজ শুরু হবে। এরপরই রাতভর খেজুর গাছ ঝরে পড়বে মিষ্টি রস। সেই রস ভাঁড়ে জমে ভোরবেলায় গাছিরা সংগ্রহ করে নিয়ে আসবেন। শুরু হবে গুড়, পাটালি, দানা–গুড় ও নানা পিঠাপুলির উপকরণ তৈরির উৎসব। তালা উপজেলার গ্রামগুলোতে শীত মানেই নতুন গুড়ের ঘ্রাণে ভরে ওঠা রান্নাঘর, পিঠার আয়োজন আর অবহেলা করা যায় না এমন এক গ্রামীণ অনুভূতি।

হাজরাকাটি গ্রামের অভিজ্ঞ গাছি ইমান আলীর জানান, “আমি অনেক বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছি। শীতের আগে এই সময়টা আমাদের সবচেয়ে ব্যস্ত সময়। ভাঁড় তৈরি, দা ধার করা, পাটের দড়ি বাঁধা, চুলা ঠিক করা— সবকিছু ঠিকঠাক করতে হয়। এ বছর গাছে রস ভালোই হবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, “হাজরাকাটি, মহান্দী, জেয়ালা আটারি, জাতপুর, খলিলনগর সহ তালার বিভিন্ন এলাকায় এখন প্রতিদিনই মানুষ খেজুরগাছে উঠছে। রাস্তার পাশে, বাঁশঝাড়ের ধারে, বাড়ির আঙ্গিনায়— যেদিকে তাকাবেন সেখানেই খেজুর গাছ তোলা আর চাঁছার দৃশ্য দেখা যাচ্ছে।”

তালা উপজেলায় খেজুরের রস শুধু একটি মৌসুমি খাদ্যপণ্য নয়; এটি হাজারো গাছি পরিবারের জীবিকার উৎস। শীত আসার সঙ্গে সঙ্গে রসের চাহিদা যেমন বাড়ে, তেমনি বাড়ে এ পেশার মানুষের উপার্জন। খেজুর রস, গুড় ও পাটালির ব্যবসাও জমে ওঠে তালা বাজার, জাতপুর বাজার ,নলতা, খলিলনগর ও আশপাশের হাটবাজারে।

স্থানীয়দের মতে, খেজুর রস গ্রামীণ বাংলার শীতকে আরও প্রাণবন্ত করে তোলে। পিঠা, পায়েস, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই— সবকিছুর মূল আকর্ষণ থাকে এই খেজুর রস ও গুড়ে। তাই শীত শুরু মানেই তালা গ্রামগুলোর ঘরে ঘরে তৈরি হয় পিঠা উত্সবের আমেজ।

শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে তালা উপজেলায় এখন যে দৃশ্য দেখা যাচ্ছে, তা যেন গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন করে মনে করিয়ে দেয়। মিষ্টি রসের ঘ্রাণ আর গাছির ব্যস্ত পদচারণায় চারদিকে শীতের ছোঁয়া ছড়িয়ে পড়ছে। খেজুর রসের স্বাদ নিতে এবং নতুন গুড়ের ঘ্রাণ পেতে অপেক্ষায় আছে তালার মানুষসহ পুরো অঞ্চল।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com