
পাইকগাছা প্রতিনিধি :ঢাকায় ইনকিলাব মঞ্চের আবহাওয়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল থেকেই পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হতে থাকেন। পরে পাইকগাছা-ঢাকাগামী পরিবহনের পুরাতন চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
মিছিল শেষে বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ হোসেন মানিক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।
বক্তারা বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে একজন আবহাওয়ককে হত্যার চেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতা দমনে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসের অংশ। তারা অভিযোগ করেন, ভিন্নমত দমন করতে একটি মহল ধারাবাহিকভাবে সহিংসতার পথ বেছে নিচ্ছে, যা রাষ্ট্র ও সমাজকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় না আনা হলে বিএনপি রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে।
পথসভা থেকে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
