Related Articles

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি বের হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তুফান মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের পতাকা, জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি পাকাপুল মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড় ও নিউমার্কেট এলাকা ঘুরে তুফান মোড়ে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে শহর শাখার সভাপতি আল মামুনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে আয়োজকেরা জানান।
সমাবেশে বক্তব্য দেন শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, আবু তালেব ও সেক্রেটারি মেহেদী হোসেনসহ অন্যান্য নেতারা।
সভাপতি আল মামুন তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে ছাত্রশিবির দেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। তিনি একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন এবং দেশ গঠনের কাজে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মাজহারুরুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নূর মুহাম্মদ প্রমুখ।
শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং র্যালি সফল করতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
