
মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরায় এক ধর্মীয় মাহফিল থেকে অন্য মাহফিলে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে খাদে ছিটকে পড়েছে একটি মালবাহী ইঞ্জিনভ্যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি ভ্যানে থাকা মিষ্টি ও মিষ্টান্ন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুর উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনভ্যানটি সাতক্ষীরার খানপুর গ্রামের মাহফিল শেষে মালামাল বোঝাই করে গুনাকরকাটি বাজারের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে রইচপুর উত্তরপাড়া ব্রিজে ওঠার সময় হঠাৎ করেই ভ্যানটির চেইন ছিঁড়ে যায়। ব্রিজের ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি দ্রুত পেছনে এসে পার্শ্ববর্তী একটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় ভ্যানে তিনজন আরোহী ছিলেন। এদের মধ্যে কলারোয়া গ্রামের পুণ্য নন্দীর ছেলে মদন নন্দী (৩৫) হাতে গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চালক ও অন্য একজন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানা গেছে, ভ্যানটিতে গুনাকরকাটি বাজারের একটি মিষ্টির দোকানের তৈরি মিষ্টি এবং মিষ্টি তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। খাদে পড়ে যাওয়ায় মিষ্টিগুলো কাদা-পানিতে মিশে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার আর্থিক মূল্য অনেক।
দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ভ্যানচালক। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন “আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গাড়িটি ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্রিজে ওঠার মুহূর্তে হঠাৎ চেইন নষ্ট হয়ে যাওয়ায় আমি নিরুপায় হয়ে যাই। চোখের পলকে গাড়িটি পেছনের গর্তে পড়ে গেল। এখন দোকান মালিককে আমি কী জবাব দেব? এত বড় লোকসানের দায় আমি কীভাবে নেব?”
ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। ব্রিজের এই অংশে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন এলাকাবাসী।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
