
মাসুদ রানা:্এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।সোমবার (১০ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “আজকের এই এ প্লাস অর্জন শিক্ষার্থীদের সুদীর্ঘ মেধা, পরিশ্রম ও একাগ্রতার ফসল। তবে কেবল প্রাতিষ্ঠানিক ফলাফলেই অর্জনের ইতি টানা যাবে না। মেধা অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে নৈতিকতা, সৎ চরিত্র ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। আগামী দিনের বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মেধা ও আদর্শের সমন্বয় ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম এবং পৌর পূর্ব সভাপতি জুবায়ের আহমেদ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাওয়াতী বই, কলমদানি ও ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
