
নিউজ ডেস্ক:
১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ, মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা।
প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটনসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হবে। পরে অন্যান্য ইউনিটেও এটি চালু করা হবে। শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি বলছেন বিশেষজ্ঞরা।
জুলাই অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। বাহিনীর সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত নেয় পোশাক পরিবর্তনের। সচিবালয়ের দেওয়া হয় পোশাকের ট্রায়ালও। যদিও নতুন কাপড়ের রং নিয়ে হয় সমালোচনা।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে নামছে পুলিশ। এতদিন মেট্রোপলিটন আর জেলা পুলিশ আলাদা রঙের পোশাক পরলেও এখন থেকে পরবেন একই রঙের পোশাক।
তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলছেন, আপাতত কালো রংয়ের পোশাকই পরবেন তাঁরা।
তবে সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, শুধু পোশাক পরিবর্তন করলেই চলবে না, পুলিশের মানসিকতার পরিবর্তনও জরুরি।
পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যেন কাজ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিতেও জোর দিচ্ছেন বিশ্লেষকেরা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
