
শাহিনুর রহমান: ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সফরে আসছেন। ওই দিন সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।জনসভাটিকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় নারী ও পুরুষের বিপুল উপস্থিতি নিশ্চিত করতে জেলার প্রতিটি ইউনিটে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। মাঠ সাজানো, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতা শহিদুল ইসলাম মুকুল জানান, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের রায়কে বাস্তবায়নের আন্দোলনে এবারের জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যেই এই আয়োজন।জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা দিনরাত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং সর্বস্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
