
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুজাইফা সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরস্থ কামালনগর পশু হাসপাতাল সংলগ্ন রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। আসামিরা দোকানদার রবিউলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তার প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান প্রতিবাদ জানান। এর জেরে আসামিরা বাপ্পীকে মারধর ও ইট দিয়ে মাথায় গুরুতর জখম করে। এ সময় বাপ্পীকে রক্ষা করতে তার ছোট ভাই ১৯ বছর বয়সী মোর্ জাকারিয়া খাঁন এগিয়ে গেলে আসামিরা ধারালো চাকু দিয়ে তার বাম বুকে আঘাত করে মারাত্মক জখম করে। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
