ঈদে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪ পশু কোরবানি

Spread the love

ডেস্ক রিপোর্ট: দেশে এবার ঈদুল আজহায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জুন) রাতে প্রতিষ্টানটি বিজ্ঞপ্তিতে জানায়, এই ঈদে গরু-মহিষ কোরবানি হয়েছে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি। ছাগল-ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য প্রাণী (উট, দুম্বা ইত্যাদি) কোরবানি হয়েছে ৯৬০টি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে পশু কোরবানির এই হিসাব করা হয়েছে। এ জন্য প্রতিটি উপজেলার তিনটি গ্রাম (ছোট, মাঝারি ও বড়) থেকে অন্তত ১ শতাংশ নমুনা সংগ্রহ করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের গত বছরের হিসাব অনুযায়ী, গত ঈদুল আজহায় ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু কোরবানি দেওয়া হয়। সে হিসাবে এ বছর পশু কোরবানি কমেছে, সংখ্যার হিসাবে যা ১২ লাখ ৭২ হাজার ১৮৪।প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব বিবেচনায় নিলে গত চার বছরের মধ্যে এই ঈদে পশু কোরবানি সবচেয়ে কম হয়েছে। অধিদপ্তরের গত ৯ বছরের (২০১৭ থেকে ২০২৫) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে কম কোরবানি হয়েছিল ২০২১ সালে। ওই বছর ৯০ লাখ ৯৩ হাজার পশু কোরবানি দেওয়া হয়। অবশ্য তখন বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা মহামারির প্রকোপ ছিল। সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছিল ২০১৯ সালে। ওই বছর এক কোটি ছয় লাখের বেশি পশু কোরবানি হয়।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান আজ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এবার কোরবানি কিছুটা কম হয়েছে, এটা দৃশ্যমান। ছাগল-ভেড়া এ বছর কিছুটা কম কোরবানি হয়েছে। এতে মনে হচ্ছে ব্যক্তিপর্যায়ে কোরবানি কিছুটা কমেছে। আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হবে। বিস্তারিত বিশ্লেষণের পর কেন এবার কোরবানি কমল, তা বলা যাবে।মন্ত্রণালয় বলেছে, এবার কোরবানির পশু অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি। এর কারণ হিসেবে অধিদপ্তর বলছে, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। তাই কোরবানির পশু অবিক্রীত থাকাটা অস্বাভাবিক নয়। তা ছাড়া অবিক্রীত এই পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর পশু কোরবানি সবচেয়ে কম হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগে ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। সিলেটের পর সংখ্যার দিক থেকে কোরবানি কম হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি হয়েছে।

এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে, ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি। ঢাকা বিভাগে পশু কোরবানি হয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি এবং বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি পশু কোরবানি হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন মো. রুহুল আমিন মুঠোফোনে বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো না, যার কারণে এবার কোরবানি কম হয়েছে। সাধারণত রাজনৈতিক নেতারা কোরবানির জন্য বড় আকারের গরু কেনেন। আবার অনেক নেতা একাধিক গরু কোরবানি দেন। আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) অনেক নেতা এখন পলাতক। এর প্রভাব কোরবানির পশু বিক্রির ক্ষেত্রে পড়তে পারে।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com