অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ/টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

Spread the love

স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। তাঁরা একে অপরকে এড়িয়ে গেছেন।

কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম হলেও টসের সময় তিনি প্রস্তুত না থাকায় আবরারকে পাঠানো হয়েছিল।

বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।

ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে।

তবে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’–এও ভারতে নিরাপত্তা–শঙ্কার কথা বলা হয়েছে।

যার জেরে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসি ভারতের বিষয়ে অনুরোধ করে ইতিবাচক সাড়া না পাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর বিষয়টি এখন পর্যন্ত ঝুলে রয়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা গেল। ‘হ্যান্ডশেক’ ম্যাচের অবশ্য–পালনীয় কোনো বিষয় না হলেও যে কোনো খেলায় এটি সাধারণ রীতি। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত ভিন্ন অবস্থান নেয়। পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়, টসের সময় অধিনায়কেরা এবং ম্যাচের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবেন না।

সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সম্মেলনে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে ভারত–পাকিস্তানের তিন ম্যাচেই হাত মেলায়নি ভারত।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com