
নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সাতক্ষীরার সর্বাধিক জনপ্রিয় নেতা, গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাঃ শহিদুল আলমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ৩ আসন থেকে মনোনয়ন দাখিলের পর ১% ভোটার তালিকায় ত্রুটির কারণে গত ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটি বাতিল করা হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম ইলেকশন কমিশনে (ইসি) আপিল করেন।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকায় আপিল শুনানি শেষে সাতক্ষীরা ৩ আসনে ডাঃ শহিদুল আলমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়, এবং তিনি তার প্রার্থীতা ফিরে পান। নির্বাচনী মার্কা হিসেবে তার নির্বাচনী প্রতীক নির্ধারিত হয়েছে ফুটবল।
দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি সোহরাব সবুজকে ডাঃ শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আপিল শুনানির সময় তার সাথে ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি সাধারণ সম্পাদক মিলন কুমার, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি কিসমত বারী এবং নির্বাচনী এলাকার অন্যান্য নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী।
ডাঃ শহিদুল আলমের প্রার্থীতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মধ্যে আনন্দ ও উল্লাস দেখা যায়।
তাদের সমর্থকরা মনে করেন, দীর্ঘদিনের আন্দোলন ও সমর্থনের কারণে ডাঃ শহিদুল আলমকে ভোট দিয়ে নির্বাচিত করবে ধর্ম, বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
