
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।অন্যদিকে বৈকারী বিওপির সদস্যরা একই উপজেলার কাপালিপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করেন।
এছাড়া কাকডাঙ্গা বিওপির তিনটি টহলদল কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড়, গেরাখালি ও কেড়াগাছি এলাকা থেকে ৫ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় ওষুধ, আগরবাতি ও তালাচাবি জব্দ করে।আর ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।মোট ১০ লাখ ৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
