
নিজস্ব প্রতিনিধি:
প্রতীক বরাদ্দের পর সাতক্ষীরায় শুরু হয়েছে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণে নামেন সাতক্ষীরা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি কলারোয়ার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তিনি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। সংসদ সদস্য থাকাকালে তালা ও কলারোয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই প্রার্থী আরও বলেন, এলাকার মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
এদিকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে এলাকায় ভোটের আমেজ তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা এই পরিবেশ উপভোগ করছেন বলে জানান তারা। একই সঙ্গে নির্বাচনের দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন স্থানীয়রা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
