
সোশ্যাল মিডিয়া ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রাজপথে দেওয়া অশ্লীল ও অশ্রাব্য স্লোগান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই ধরণের স্লোগানের ফল ভালো হবে না। এর বিপরীতে যদি বিএনপিপন্থী সংগঠনগুলো পাল্টা স্লোগানে নামে, তবে রাজনীতি কেবল কথার লড়াইয়ে আটকে থাকবে না, সহিংসতার বাস্তব রূপ দেখা যাবে।”
রনি লেখেন,
“বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাস ও রাজপথে যেভাবে ‘টিনের চালে কাউয়া তারেক রহমান’, ‘১২৩৪ তারেক রহমানের…’ ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে, তা শুধু অশোভন নয়, ভয়াবহ পরিণতির সূচনা হতে পারে।”
তিনি হুঁশিয়ার করে আরও বলেন,
“ছাত্রদল, যুবদল যদি পাল্টা স্লোগানে নামে, তাহলে রাজনীতিতে রামদা, চাপাতি, রগ কাটা, কাঁটা বন্দুকের অতীত ফিরে আসবে। সেখান থেকে যদি একে-৪৭ বা স্নাইপারের ঝনঝনানি শুরু হয়, তাহলে লাভবান হবে কেবল তারা—যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায় এবং জঙ্গি তকমা দিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে।”
তিনি সবাইকে রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন,
“সমালোচনা হোক, কিন্তু তা যেন শালীনতার সীমা অতিক্রম না করে। না হলে রাজনীতির মাঠ রক্তাক্ত হবে, আর তাতে লাভবান হবে তৃতীয় পক্ষ।”
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
