
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কিছু লোকজন মোটর সাইকেল মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বুধবার দিবাগত গভীর রাতে আনুলিয়াতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে সশস্ত্র মহড়া দেয়া হয়। কয়েকটি মোটর সাইকেলে চড়ে গ্রুপটি আনুলিয়া ইউনিয়নের বিএনপি কার্যালয় সহ বিভিন্ন এলাকায় দ্রুত চক্কর দিয়ে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এসময় মহড়াকারীরা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। লকডাউন লকডাউন আগামীকাল লকডাউন। লকডাউন, লকডাউন, সফল হোক, সফল হোক। তারেক তুই গেলি কই হই হই রই রই” এসব নানান স্লোগান স্লোগান দিতে দিতে দ্রুত তারা চলে যায় বলে জানাগেছে। এছাড়া টায়ারে আগুন দিয়ে গ্রামীণ ব্যাংকের সামনে ভাঙচুর করা হয় বলে তারা দাবী করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ জানান, কয়েকটি মোটর সাইকেলে গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগের পক্ষে মহড়ার তথ্য এলাকাবাসীর কাছে শুনেছি।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান জানান, রাতে ঐ এলাকাতেই পুলিশী টহল ছিল। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌছে যায়। ততক্ষণে তারা পালিয়ে যায়। এলাকায় কোন সমস্যা হয়নি বলে তিনি জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
