Breaking News

পাইকগাছায় প্রতিবন্ধী নারীকে হাতুড়িপেটা

Spread the love

পাইকগাছা  প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনিকে মারধরের প্রতিবাদ করায় শান্তি বেগম (৫০) নামে এক প্রতিবন্ধী নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আসিফ গাজী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শান্তি বেগম ওই গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাইকগাছার জিরো পয়েন্টে বাস দুর্ঘটনায় একটি পা হারান শান্তি বেগম। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন তিনি। ঘটনার দিন তাঁর পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনি জান্নাতুল ও জাকিয়া এবং প্রতিবেশী আসিফ গাজীর সন্তান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আসিফ গাজীর স্ত্রী এসে দুই শিশুকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

বিষয়টি দেখে শান্তি বেগম প্রতিবাদ করতে গেলে আসিফ গাজী ছুটে এসে তাঁকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর মুখ, গাল, চোয়াল, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

শান্তি বেগমের পুত্রবধূ বিলকিস খাতুন (২৫) অভিযোগ করে বলেন, তাঁর মেয়েরা খেলাধুলার সময় ঝগড়ায় জড়িয়ে পড়লে আসিফ গাজীর স্ত্রী তাদের মারধর করেন। তখন বাড়িতে পরিবারের অন্য কেউ ছিলেন না। শাশুড়ি এর প্রতিবাদ করায় আসিফ এসে হাতুড়ি দিয়ে তাঁকে মারধর করেন। এক পা হারানো শারীরিক প্রতিবন্ধী নারীর ওপর এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শান্তি বেগমের জ্ঞান ফিরেছে। তবে তিনি বমি করছেন। মাথায় আঘাত থাকায় তাঁর শারীরিক অবস্থা নিশ্চিত হতে সিটি স্ক্যান করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে। সিটি স্ক্যান ছাড়া মাথার আঘাতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

ভোগান্তিতে পাইকগাছার ভূমিসেবা প্রত্যাশীরা

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: জমির মালিকানা আছে, প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত; কিন্তু নামজারি কিংবা জমাভাগের কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com