
মো. আলফাত হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে মোজাম্মেল মিস্ত্রি হত্যা মামলার দুই আসামিকে সিলেট মহানগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সাতক্ষীরা জেলা ও পিবিআই সিলেট জেলার যৌথ সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জিসান হোসেন ওরফে বিজয় বাবু ওরফে জিহান (২৪) এবং আবুজার গিফারি (২২)। তারা দুজনই শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা।
পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে গত ১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শ্যামনগর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোপালপুর ব্রিজের ওপর মোজাম্মেল মিস্ত্রীর ওপর হামলা চালানো হয়। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভ্যানে করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছেলে তোজাম্মেল হোসেন বাদী হয়ে ২০ অক্টোবর শ্যামনগর থানায় ছয়জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের তদন্ততালিকাভুক্ত হওয়ায় পিবিআই সদর দপ্তরের সিদ্ধান্তক্রমে সাতক্ষীরা জেলা পিবিআই তদন্তভার গ্রহণ করেন।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করেন।এরপর তদন্তকারী কর্মকর্তাসহ পিবিআই সাতক্ষীরার একটি দল ২৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা থেকে জিসান হোসেন ওরফে বিজয় বাবু ওরফে জিহান এবং আবুজার গিফারিকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পিবিআই দাবি করেছে। বৃহস্পতিবার সকালে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
