
বিশেষ প্রতিনিধিঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। যার ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর গ্রামের আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন বনের ভিতরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগর সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি মুরগির ঘরের মধ্যে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে। একপর্যায়ে ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান বাড়ির মালিক মুক্তার গাজী।
মুক্তার গাজী আরো জানান, রাতের কোন এক সময় মুরগির ঘরের মধ্যে অজগরটি ঢুকে পড়ে। সকালে তারা দেখেন হাস-মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখা যায় সেখানে বিশাল আকৃতির একটি অজগর সাপ রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজি সদস্যদের জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বিশঅল আকৃতির অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে কিছুটা দূরে গহীন বনের ভেতরে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এস.ও) এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার শেষে এটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় লোকালয়ে মাঝেমধ্যেই অজগর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব বন্যপ্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
