
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকডাঙ্গা বিওপির একটি দল কলারোয়া উপজেলার বালিয়ারি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। একই দিনে মাদরা বিওপির সদস্যরা রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
এ ছাড়া হিজলদী বিওপির টহল দল বড়ালি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন,সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের স্বার্থে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
