
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মাঠে সম্প্রতি অনুষ্ঠিত একটি কন্টেন্ট ক্রিয়েটার মিটআপে বিতর্কিত টিকটকারদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম।
টিমের নিয়মিত পর্যবেক্ষণে দেখা গেছে, অনুষ্ঠানে অশ্লীল ভাষা ও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনকে দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বিতর্কিত টিকটকারদের বিষয়ে আগেই জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভায় আলোচনা করা হয়েছিল। তবুও পুনরায় অনুষ্ঠান আয়োজন হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার ক্রাইম অ্যালার্ট টিম সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও যুবসমাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল ব্যবহার বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
