Breaking News

মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় যুবক আটক

Spread the love

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুর উপজেলায় আলোচিত সাংবাদিক ও ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি মণিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত একটি বিশেষ অভিযানে মিজানুর রহমানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করে দেখা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর একাংশের দাবি, নিহত রানা প্রতাপ বৈরাগী অতীতে চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি বর্তমানে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার নিজস্ব বরফকল ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে কপালিয়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে রানা প্রতাপ বৈরাগী ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকাণ্ডের নৃশংসতা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় নিহতের পিতা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার মণিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আটক মিজানুর রহমানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তদন্তে নতুন তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে মামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com