সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ভুলে যাইনি: ইশরাক হোসেন

Spread the love

ডেস্ক রিপোর্ট: সরকারে থাকলেও রাজপথের আন্দোলন-সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাননি উল্লেখ করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশবরেণ্য রাজনীতিবিদ ও সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত অশালীন বক্তব্য অব্যাহত থাকলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনীতিবিদের নিয়ে কটূক্তিমূলক ও অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদে আয়োজিত এক বিশাল মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “দেশবরেণ্য রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কুৎসিত, অশ্রাব্য ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাদের শক্ত ভাষায় স্মরণ করিয়ে দিতে চাই—আমরা রাজনীতি বা আত্মমর্যাদার সংগ্রাম ভুলে যাইনি। দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার সেই পুরোনো সংগ্রামও আমাদের স্মরণে রয়েছে।”

তিনি আরও স্পষ্ট করেন, “আমরা মহান স্বাধীনতার চেতনাকে সবসময় লালন করি। কিন্তু স্বাধীনতার নাম ভেঙে কেউ যদি অন্যের চরিত্র হরণ বা গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চায়, তবে তা আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না।”

তরুণদের রাজনীতি ও নতুন দলকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে আমরা সবসময় স্বাগত জানাই। তরুণদের নতুন একটি রাজনৈতিক দলকে আমরা সাদরে গ্রহণ করেছি এবং তাদের অনেকে বর্তমানে আমাদের সাথে সংসদেও আছেন, যাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে তাদের দলের ভেতরে দু-একজন এমন বেয়াদব ঢুকে পড়েছে, যারা দেশের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে বস্তুত ক্ষমতাচ্যুত খুনি হাসিনার এজেন্ডা ও স্বার্থ বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে।” ইশরাক সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সুসম্পর্ক নষ্ট হলে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে পরাজিত স্বৈরাচারী দল।

অশালীন বক্তব্য ও রাজনীতি নষ্টের চক্রান্ত বন্ধ না হলে রাজপথে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যের শেষপর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে সরকার আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু রাজপথ ও জনগণের রাজনীতি থেকে পিছিয়ে পড়া যাবে না। আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

উক্ত প্রতিবাদী মশাল মিছিলে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, শ্রমিক দল দক্ষিণ শাখা আহ্বায়ক সুমন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল দক্ষিণ শাখার সভাপতি জহির উদ্দিন তুহিন এবং ছাত্রদল দক্ষিণ শাখার সভাপতি শামীম মাহমুদসহ যুবদল, মহিলা দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com