
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর ‘মব’ সৃষ্টি করে পুলিশ অবরুদ্ধের ঘটনায় মূল আসামিকে বাদ দিয়ে মামলা নথিভুক্ত করার অভিযোগে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিককে কর্মস্থল থেকে সরিয়ে নিয়েছে জেলা পুলিশ।
গত ৫ অক্টোবর রাতে হাজরাকাটি এলাকায় মাদক কারবারি হযরতকে আটকের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী নূর ইসলাম নুরুর নেতৃত্বে পুলিশের ওপর মব তৈরি করে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ৩ জনকে আটক করে। তবে ঘটনার মূল নায়ক নূর ইসলাম নুরু জনসম্মুখে আস্ফালন চালিয়ে স্থান ত্যাগ করলেও, পরবর্তীতে (৫ অক্টোবর) রাতে এসআই তপন কুমার বিশ্বাস বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে তালা থানায় মামলা দায়ের করেন। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার মূল নেতৃত্বদানকারী ও স্থানীয় চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম নুরুর নাম মূল এজাহার থেকে বাদ দেওয়া হয়। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় অদ্ভুতভাবে তার নাম এজাহার থেকে বাদ দেওয়া ঘটনায় ওসির পেশাদারিত্ব নিয়ে প্রশ্নে ওঠেছে।
অভিযোগ ওঠে, মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি নুরুকে এজাহার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিষটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এই বিতর্কিত ভূমিকা এবং নানা অনিয়মের কারণে জেলা পুলিশ তালা থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়।
তবে জেলা পুলিশের পক্ষে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, তদন্তে নুরুর সম্পৃক্ততা পাওয়া গেলে চার্জশিটে অবশ্যই তার নাম সংযুক্ত করা হবে।তবে ওসি প্রত্যাহারের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
