Breaking News

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা থেকে যোগ দিচ্ছেন প্রায় ২০ হাজার নেতাকর্মী। পরিবহন সংকটের কারনে ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন। সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর থেকে তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে বরণে সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
একইভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এজন্য সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে প্রত্যক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি করে গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক যানবাহন ঢাকায় যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

তিনি আরো জানান, পরিবহন সংকটের কারণে ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com