
মোকারম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শোকাহত পরিবার ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (৬ই অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সাধারন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২ই অক্টোবর শুক্রবার রাত সড়ে ১১টায় সাতক্ষীরা পশু হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এটি দেখে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী জাকারিয়া খান তা দেখে ঝগড়া থামাতে ও মারামারি প্রতিহত করতে এগিয়ে যান। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মারা যান জাকারিয়া।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও সেল্টারে সাতক্ষীরায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে। অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার দাবি জানান। একইসাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা ।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
