Breaking News

তুরস্কের জনগণের সঙ্গে আমাদের শত বছরের সম্পর্ক, আগামীতে আরও এগিয়ে যাবে: জামায়াত আমির

Spread the love

নিউজ ডেস্ক:
তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্ট্যাডিজ’ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। সম্মেলনের যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক সাম্প্রতিক সময়ের কিংবা কেবল কয়েক দশকের বিষয় নয়। তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

সম্মেলনে মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য (কি-নোট) উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ড. এস এম খালেদুজ্জামান, তুরস্কের নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং তুরস্কের আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমির প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এ এস এম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।

সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণ বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং তুরস্ক-বাংলাদেশ সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

About dainiksatkhira24

Check Also

আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ আইভী

Spread the loveডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com