
ডেস্ক রিপোর্ট: ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুঞ্জনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা, তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং পরকীয়ায় জড়িত থাকার মতো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেতা আদালতে দায়ের করা আবেদনে দাবি করেছেন, তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর এবং মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব কনটেন্টে তাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামের জন্য ক্ষতিকর।
গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে নাগা চৈতন্যের আইনজীবী বৈভব গগ্গর আদালতকে জানান, কিছু অনলাইন কনটেন্টে অভিনেতাকে সামান্থার সঙ্গে প্রতারণাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাবেক স্ত্রীর ক্যারিয়ার ধ্বংস করার অভিযোগও প্রচার করা হচ্ছে।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এগুলো মতপ্রকাশের স্বাধীনতা বা স্বাভাবিক সমালোচনার মধ্যে পড়ে না বরং উদ্দেশ্যপ্রণোদিত ট্রলিং ও মানহানির শামিল। তিনি আরও জানান, অভিনেতার অনুমতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও ও বিভিন্ন আপত্তিকর কনটেন্টও তৈরি ও প্রচার করা হচ্ছে।
আদালতে নাগা চৈতন্যের পক্ষ থেকে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রজগতে কাজ করছেন এবং দেশ-বিদেশে তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে ভিত্তিহীন অভিযোগ ও ভুয়া কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তা, জনসম্মুখের ভাবমূর্তি এবং পেশাগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।
শুনানি শেষে দিল্লি হাইকোর্ট বিবাদীপক্ষের কাছে সমন জারি করেছে। একই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত অধিকার ও সুনাম রক্ষায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের অন্যতম আলোচিত এই জুটি ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের জল্পনা, গুঞ্জন ও বিতর্ক চলমান রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
