
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ভেজাল সার ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভেজাল সারের ২৬টি গোডাউনের মালিক মাজেদ গাজী ও তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, মাজেদ গাজী ও তাঁর পরিবার অবৈধভাবে একাধিক সার ডিলার লাইসেন্স পরিচালনা করছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বেলাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মাজেদ গাজী ও তাঁর পুত্রদের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রামকৃষ্ণ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
