
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা-৩৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনে ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এলাকায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি, পাতার বিড়ি এবং একটি বাংলাদেশি টিভিএস আরটিআর মোটরসাইকেল আটক করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ , ভোমরার লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল আটক।
এ ছাড়া কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ।
মাদরার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
অন্যদিকে, বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
