তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী সমাবেশ

Spread the love

জহর হাসান সাগর : সাতক্ষীরার তালায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং লিগ্যাল এইড বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে নারীরা শুধু পুরুষের নয়, অন্য নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা মায়ের কথা বেশি শোনে, তাই পরিবার থেকেই সঠিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও শাসনের মধ্যে রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের হয়রানি বা উত্যক্তের সঙ্গে জড়িয়ে না পড়ে।”
তিনি আরও বলেন, “অনেক অভিভাবক অল্প বয়সেই সন্তানদের মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দেন, কিন্তু তাদের যথাযথ তদারকি করেন না। এর ফলে যেমন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, তেমনি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়তে পরিবার থেকেই সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।”
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, মানবপাচার রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং লিগ্যাল এইড সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com