
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গনপিটুনিতে নিহত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে। এদিকে নিহত যুবক একই এলাকার মোস্তাফা গাজীর ছেলে।
খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই এলাকার মোস্তফা গাজী ওরফে খোকনের মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক রবিবার বিকালে শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। ওই সময় সে হঠাৎ করেই সে ধারালো অস্ত্র(দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তিনি আরো জানান, এদিকে ঘটনার পরে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।পরে খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুউদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
