কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কোনো কর আরোপ করা হবে না

Spread the love

নিউজ ডেস্ক:

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে আমন্ত্রণ জানিয়ে তার কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক কনটেন্টের মাধ্যমে আলোচনায় আসা জুয়েল রানার ‘চিত্ত মিডিয়া’ পেজটি চালুর দেড় বছরের মধ্যে ৪৩ লাখের বেশি অনুসারী অর্জন করেছে। এমন অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ সোমবার তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এ ধরনের কর আরোপ না করার বিষয়ে স্পষ্ট মত দেন।

জুয়েল রানা বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)।… ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা (কর আরোপ) হতে পারে না’।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে’।

আলোচনায় জুয়েল রানা উল্লেখ করেন, ‘কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি পাচার করে না। উল্টো তারা হাড়ভাঙা খাটুনি দিয়ে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে। তাই তাদের প্রতি সরকারের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।’

জুয়েল রানার এই যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।’

তবে জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি।

About dainiksatkhira24

Check Also

ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

Spread the loveডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com