নিউজ ডেস্ক:
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি সম্পত্তি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ, দুদকের আবেদনের পর।
আদালতের তথ্য অনুযায়ী, জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে:
মহাখালী ডিওএইচএসে ২,৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন
মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি দোতলা বাড়ি
মানিকগঞ্জ সদর ২,১০৯ বর্গফুট আয়তনের চারতলা ভবন, যেখানে মমতাজের চক্ষু হাসপাতাল অবস্থিত
আরো পড়ুন- বিসিবি অনড়: ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে আবেদন করেন, যেখানে বলা হয় মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আদালতের নির্দেশক্রমে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।