
নিউজ ডেস্ক:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিনবভাবে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। তিনি প্রতিদিন ঘরে ঘরে গিয়ে ‘সরি ও ধন্যবাদ’ লেখা চিরকুট বিতরণ করে দৃষ্টি আকর্ষণ করছেন।
বিএনপির এই প্রার্থী অফিসিয়াল প্যাডে লেখা চিঠির মাধ্যমে ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করছেন এবং নির্বাচনের আগেই নিজের জবাবদিহিতা স্পষ্ট করছেন। নির্বাচনী প্রচারণায় অসংখ্য নেতাকর্মী এস এম জাহাঙ্গীরের বাসায় ভিড় করছেন, যা এলাকার সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধার সৃষ্টি করছে।
ঢাকা-১৮ আসনে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানার অন্তর্ভুক্ত এলাকা রয়েছে। এটি ঢাকার অন্যতম প্রবেশদ্বার এবং দেশের ২৭টি জেলার সঙ্গে সংযোগস্থল। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাবাণিজ্যের কারণে এই আসনের ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ ব্যাপক।
এস এম জাহাঙ্গীর জানান, তিনি দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। এই আসনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র আরিফুল ইসলাম আদীবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।