
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় এক শিশু আহত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতরভাবে আহত হয়েছে, যা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতার একটি গুরুতর সংকেত।
আরো পড়ুন- কোরআন ক্লাসে রাজনীতির অভিযোগ, সোনাগাজীতে যুবদল–জামায়াত উত্তেজনা
বাংলাদেশ মিয়ানমারকে সতর্ক করে দিয়েছে যে, কোনো উসকানিমূলক কার্যক্রম ছাড়াই দেশের ভূখণ্ডে গুলি চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের জন্য ক্ষতিকর। পাশাপাশি বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য দৃশ্যমান ব্যবস্থা নেওয়া আবশ্যক।
আরো পড়ুন- বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত
বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুর পরিবারকে সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন যে, তার সরকার ভবিষ্যতে সীমান্তে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বাংলাদেশ এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে যে, সীমান্তে নিরাপত্তা ও স্থানীয় জনজীবনের সুরক্ষা নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব। কূটনৈতিক এই পদক্ষেপের মাধ্যমে দেশের অবস্থান কঠোরভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে।