
বিনোদন ডেস্ক: টলিউডের বাতাসে গুঞ্জন—প্রেম করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও উঠতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ার কিংবা ‘মৃগয়া’র সাফল্য উদ্যাপন—প্রতিটি অনুষ্ঠানেই দু’জনকে একসঙ্গে দেখা গেছে, যা গুজবকে আরও উসকে দিয়েছে।এই প্রেম জল্পনার উত্তাপ আরও বাড়ে, যখন পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে একসঙ্গে সময় কাটান তারা। সেখানকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা, যা নিয়েই গুঞ্জনের সূত্রপাত।‘মৃগয়া’র পার্টিতে দু’জনের খুনসুটি, হাসি আর ভিডিও ভাইরাল হওয়ার পর তো প্রেমের গুঞ্জন রীতিমতো দাবানল হয়ে ছড়িয়ে পড়ে টলিপাড়ায়।তবে এবার এই গুঞ্জনের জবাব দিলেন সুস্মিতা নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। কেউ যদি এর অন্য মানে বার করে, সেটা তার সমস্যা। প্রেম করলে গোপন করতাম না, ঢাকঢোল পিটিয়ে জানাতাম।’
তিনি আরও জানান, অতীতে ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে দীর্ঘ সময় প্রেম করেছেন, কিন্তু সেই সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি। ‘সেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। বন্ধুত্ব তো লুকানোর কিছু নয়,’ বলেন সুস্মিতা। নিজের ক্যারিয়ার নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী। বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়ে এই পেশায় এসেছি অনেক প্যাশন নিয়ে। শরমন জোশীর সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করছি—সে কথা কেউ বলছে না, শুধু গসিপ খোঁজে।’
উল্লেখ্য, অতীতেও সৃজিতের সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর নাম জড়িয়েছে, যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। অন্যদিকে, স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরেই টালিউডে কানাঘুষো চলছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
