
পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বিকাশের এক মাঠকর্মীর অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪৭ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তম কুমার সরদার নামে ওই কর্মী পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, উত্তম কুমার সরদার (৩২) পাইকগাছা জোনে বিকাশের মাঠকর্মী হিসেবে কাজ করেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট ও ৬টা ৫৫ মিনিটে তাঁর ব্যবহৃত ইনফিনিক্স হট ৬০আই মুঠোফোনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট থেকে দুই দফায় টাকা স্থানান্তর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। প্রথম দফায় ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় দফায় ৭ হাজার টাকা—সব মিলিয়ে ৪৭ হাজার টাকা খোয়া যায়। জিডিতে এ-সংক্রান্ত দুটি লেনদেনের ট্রানজেকশন আইডিও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উত্তম কুমার সরদার উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর মোবাইল হ্যাক করে বিকাশ অ্যাকাউন্টে থাকা টাকা সরিয়ে নিয়েছেন। টাকা স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে ০১৮৯৮-৬০১৫২৩ নম্বরটি উল্লেখ করে তিনি জানান, ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তিনি কোনো সাড়া পাননি। এ অবস্থায় টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের মাধ্যমে লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
